মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

অবশ্যই পরুন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেওয়ার কথা জানিয়েছে।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন জানান, মামলায় সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলমকেও আসামি করার আবেদন করা হয়েছে।

এ ছাড়া সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল (প্রশাসন) মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজউক চেয়ারম্যান এবং রাজউকের ফিল্ড সুপারভাইজারকেও আসামির তালিকায় রাখা হয়েছে।

গত বছরের ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের সামনে বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিল শিশু শিক্ষার্থী।

দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটি গত ৫ নভেম্বর তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণরত পাইলটের উড্ডয়নজনিত ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছিল।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ