খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবারো গুলির

অবশ্যই পরুন

খুলনা নগরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাজু হাওলাদার নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগও উঠেছে।

রাজু হাওলাদার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে এবং লবণচরা থানায় চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার নগরের কোবা মসজিদসংলগ্ন এলাকায় তিনি পেটে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কীভাবে বা কোথায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় অ্যাম্বুলেন্সটি রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহম্মেদ জানান, অ্যাম্বুলেন্সে গুলি চালানোর বিষয়টি তারা শুনেছেন এবং পরে অতিরিক্ত নিরাপত্তা দিয়ে গাড়িটিকে তাদের থানা এলাকা পার করে দেওয়া হয়। তিনি বলেন, এতে কেউ হতাহত হয়নি এবং গুলি অ্যাম্বুলেন্সে লেগেছিল কি না তা নিশ্চিত করা যায়নি।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন বলেন, রাজু হাওলাদারের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি কোথায় ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। হাসপাতালে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। পুরো ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।অ্যাম্বুলেন্সে গুলি চালানোর অভিযোগ সম্পর্কেও নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ