দেশজুড়ে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৫ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী চার শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে দুজন করে মারা গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ২৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৪৯ শিশুর মৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে প্রায় ২৬ হাজার ১০০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২ হাজার ৬৫০ জন শিশু।
গত একদিনে নতুন করে ১১৫ জন শিশু হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে মোট উপসর্গ শনাক্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৩০১ জনে। একই সময়ে মোট ৫ হাজার ১৪৬ জন শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
