মহান মে দিবসে শেখ হাসিনার বার্তা: শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় অঙ্গীকার

অবশ্যই পরুন

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসী, বিশেষ করে শ্রমিক ও কৃষকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে তিনি ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক প্রতীক। এ উপলক্ষে দেশের অগণিত শ্রমিক ও কৃষকের অবদানকে সম্মান জানানো হয়।

বার্তায় তিনি বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান-এর কথা উল্লেখ করে বলেন, তিনি সারাজীবন শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তার আদর্শ অনুসরণ করেই আওয়ামী লীগ সরকার শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করেছে।

তিনি উল্লেখ করেন, শ্রমিকদের কল্যাণে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৮’, জাতীয় শ্রমনীতি-২০১২, শিশু শ্রম নিরসন নীতি-২০১০, পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা-২০১৩, শ্রম বিধিমালা-২০১৫ এবং গৃহকর্মী সুরক্ষা নীতি-২০১৫ প্রণয়ন করা হয়েছে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তবে সাম্প্রতিক সময়ে দেশের শিল্প ও কৃষি খাতে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, গত এক বছরে বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়েছেন এবং অনেক মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছেন।

তিনি বলেন, শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া ও কর্মসংস্থান সংকুচিত হওয়া দেশের সামগ্রিক উন্নয়নের জন্য ক্ষতিকর। শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে আওয়ামী লীগ সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

শেষে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান প্রতিকূলতা কাটিয়ে বাংলাদেশ আবারও উন্নয়নের ধারায় ফিরে আসবে।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ