বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের কাছে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কিছু ব্যক্তি নিজেদের স্থানীয় যুবদল নেতা-কর্মী পরিচয় দিয়ে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অর্থ দাবি করেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা গ্রীনওয়ে এলাকার ৬৫৩ নম্বর বাসার ৪/বি ফ্ল্যাটে। ভুক্তভোগী তানজিন হামিদ মিতুল — যিনি খন্দকার দেলোয়ারের পুত্রবধূ — পরদিন শনিবার হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ অনুযায়ী, ওই রাতে শাওন (২৫), হাবিব (৩৫), সাজিদ (২২) ও সানি (৩৫) নামের চার যুবক ফ্ল্যাটে এসে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
তানজিন হামিদ মিতুল জানান, চাঁদাবাজরা নিজেদের রাজনৈতিক প্রভাবশালী দাবি করে তাকে বাধ্য করেন টাকা দিতে। ভয়ে তিনি মগবাজার সিটি ব্যাংকের বুথ থেকে ৮০ হাজার টাকা তুলে দেন এবং আরও ২০ হাজার টাকার একটি চেক স্বাক্ষর করে দিতে বাধ্য হন।
তিনি আরও জানান, পরদিন রাতেও ওই যুবকেরা বাসায় এসে ফ্ল্যাট খালি করার হুমকি দেয়। তারা বলেন, “আগামী মাসের মধ্যে ফ্ল্যাট খালি না করলে পরিবারসহ মেরে ফেলা হবে।”
এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের পরিচয় যাচাই ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
উল্লেখ্য, মরহুম খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির ষষ্ঠ মহাসচিব ছিলেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একুশে পদকে ভূষিত হন। দীর্ঘদিন সংসদে সরকারদলীয় ও বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।
