চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে বিদ্যুৎ সংকট ও তীব্র লোডশেডিংয়ের কারণে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় চিকিৎসকরা মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করে রোগীদের সেবা দিতে বাধ্য হচ্ছেন।
সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির কারণে কয়েক ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এর আগেও টানা কয়েক সপ্তাহ ধরে এলাকায় তীব্র লোডশেডিং চলছিল, যা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে কোনো কার্যকর জেনারেটর নেই। আইপিএস থাকলেও তা প্রায়ই বিকল থাকে এবং বর্তমানে সম্পূর্ণ অচল। ফলে বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে যায়।
বিশেষ করে সোমবার দুপুরে বিদ্যুৎ না থাকায় জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে অন্ধকার নেমে আসে। এ সময় চিকিৎসকরা নিজেদের মোবাইল ফোনের আলো জ্বালিয়ে রোগীদের চিকিৎসা দেন। ক্ষত পরীক্ষা, ড্রেসিংসহ প্রয়োজনীয় সেবাও এভাবেই সম্পন্ন করতে হয়। এমনকি গুরুত্বপূর্ণ নথিপত্র লেখার কাজেও মোবাইলের আলো ব্যবহার করতে হয়েছে।
এ অবস্থায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান ও হাসপাতালের জন্য বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
