টাঙ্গাইলের ভূঞাপুরে এক ভারসাম্যহীন তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, রাতভর নির্যাতনের পর দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে রেখে যায়।
মঙ্গলবার সকালে উপজেলার রাউৎবাড়ি এলাকায় স্থানীয় এক নারী গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে ওই তরুণীকে বিবস্ত্র ও বাঁধা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বাড়ি থেকে কাপড় এনে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, তরুণীটি কথা বলতে না পারায় তার সরাসরি বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরিবারের সদস্যদের থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
