নারায়ণগঞ্জে আকাশে দেখা পাওয়া একটি রহস্যময় আগুনের গোলা ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন এলাকার আকাশে প্রথম এই দৃশ্যটি দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি প্রত্যক্ষ করার সময় একজন ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, যা পরে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আকাশের ওপর দিক থেকে একটি আগুনের মতো উজ্জ্বল বস্তু দ্রুতগতিতে নিচের দিকে নেমে আসছে। বস্তুটি চলার সময় সাপের মতো এঁকেবেঁকে এগোচ্ছিল এবং এর পেছন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, বস্তুটি নিচের দিকে নামার সময় কাছাকাছি আকাশে একটি ঘুড়িও উড়ছিল। কিছুটা নিচে নামার পর হঠাৎ করেই আগুনের গোলাটির আলো নিভে যায় এবং ধোঁয়াও মিলিয়ে যায়। খেয়াল করলে দেখা যায়, বস্তুটির সামনের অংশে আলোর মতো কিছু জ্বলছিল।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানা ধরনের মতামত দেখা গেছে। অনেকেই এটিকে উল্কাপিণ্ড বলে ধারণা করছেন। আবার কেউ কেউ মনে করছেন, এটি কোনো ফ্লেয়ার গান থেকে ছোড়া আলোক সংকেতও হতে পারে।
তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ বা বিশেষজ্ঞ এ বিষয়ে নিশ্চিত কোনো ব্যাখ্যা দেননি। ফলে রহস্যময় এই আগুনের গোলা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল ও জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।
