কুষ্টিয়ায় মুখোশধারীদের হামলায় সেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

অবশ্যই পরুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা এলাকায় গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে এক রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতা রবিউল ইসলামসহ ১০ জন আহত হয়েছেন। সোমবার ২০ এপ্রিল রাত প্রায় ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে রয়েছেন রবিউল ইসলামের বাবা হাফেজ প্রামানিক, সোহেল রানা, তমা খাতুন, কামরুল ইসলাম, মুন্নি খাতুন, রুনা খাতুন, মিতা খাতুন, তৌহিদুল ইসলাম ও মেরিনা খাতুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় রবিউল ইসলাম তার বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন মুখোশধারী ব্যক্তি তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন নারী-পুরুষ গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, রাতে কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে এবং এতে একজন স্থানীয় নেতা সহ ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হামলার কারণ এখনো স্পষ্ট নয়, জড়িতদের শনাক্তে কাজ চলছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ