কাঁচামাল অ্যামোনিয়ার সংকটের কারণে ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)-এ উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে কারখানাটির উৎপাদন স্থগিত করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
কারখানার ব্যবস্থাপক ও প্রশাসন বিভাগের প্রধান আলমগীর জলিল জানান, অ্যামোনিয়া সরবরাহ না থাকায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ডিএপিএফসিএল মূলত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে থাকে। তবে বর্তমানে এই দুই কারখানাই বন্ধ থাকায় প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যাচ্ছে না।
এর আগে গ্যাস সংকটের কারণে ৪ মার্চ থেকে সিইউএফএল ও কাফকোর উৎপাদন বন্ধ রয়েছে। ফলে অ্যামোনিয়ার সরবরাহ বন্ধ হয়ে পড়ে, যার সরাসরি প্রভাব পড়ে ডিএপিএফসিএলের ওপর।
দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ডিএপিএফসিএল প্রতিষ্ঠা করে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত এই কারখানায় দৈনিক ৮০০ টন উৎপাদন সক্ষমতার দুটি ইউনিট রয়েছে।
২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করা কারখানাটিতে বর্তমানে দৈনিক প্রায় ৬০০ থেকে ৭০০ টন ইউরিয়া সার উৎপাদন হচ্ছিল। তবে অ্যামোনিয়া সরবরাহ পুনরায় স্বাভাবিক না হওয়া পর্যন্ত উৎপাদন বন্ধই থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ন্যাশনিক্স/এএএইচপি
