কারাবন্দি অবস্থায় প্রাণ হারালেন আরো এক আওয়ামী লীগ নেতা

অবশ্যই পরুন

জামালপুরে কারাগারে থাকা অবস্থায় আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৪ এপ্রিল রাত প্রায় ১১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত জিয়াউল হক জিয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় গত ১৫ জানুয়ারি তাকে গ্রেপ্তার করে জামালপুর জেলা কারাগারে রাখা হয়। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক না পাওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মৃতের ছেলে জাকিউর রাফিদ নাফি জানান, তিনি নিজে অসুস্থ থাকায় বিস্তারিত জানাতে পারছেন না। পরিবারের অন্য সদস্যরা এ বিষয়ে তথ্য দিতে পারবেন বলে উল্লেখ করেন তিনি।

জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রাণী সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকাকালেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ