লোডশেডিংয়ে বিপর্যস্ত দামুড়হুদা, দিন রাতে ১০ ঘণ্টাও বিদ্যুৎ নেই

অবশ্যই পরুন

প্রচণ্ড গরম ও তীব্র লোডশেডিংয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, দিন-রাত মিলিয়ে ১০ ঘণ্টাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না তারা। ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা ও শিক্ষাক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয়রা জানান, দিনে অন্তত ২ থেকে ৩ বার এবং রাতে ৩ থেকে ৪ বার বিদ্যুৎ বন্ধ থাকে। প্রতিবারই দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় সার্বিক সরবরাহ সময় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ইজিবাইকচালক সুজন মিয়া বলেন, রাতে প্রায় বিদ্যুৎ থাকে না। এতে যানবাহনের ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে দিনে আয় বন্ধ হয়ে যাচ্ছে এবং জীবিকা চালানো কঠিন হয়ে পড়েছে। অতিরিক্ত গরমে শিশু ও বয়স্করাও বেশি কষ্ট পাচ্ছে বলে তিনি জানান। দ্রুত সমস্যার সমাধান দাবি করেন তিনি।

উপজেলা সদরের ব্যবসায়ী জিহাদ হাসান বলেন, লোডশেডিংয়ের কারণে দোকানের ফ্রিজ ও ফ্যান ঠিকমতো চালানো যাচ্ছে না। এতে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকায় বিক্রি কমে গেছে এবং প্রতিদিন লোকসানের মুখে পড়তে হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা চলাকালে বিদ্যুৎ থাকলেও পরীক্ষা শেষে লোডশেডিং শুরু হচ্ছে, যা শিক্ষার্থীদের প্রস্তুতিতে প্রভাব ফেলছে।

চুয়াডাঙ্গা জেলা বিদ্যুৎ বিভাগের এজিএম আলহাজ উদ্দীন জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় বিশেষ করে রাতে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে, ফলে লোডশেডিং বাড়ছে। বৃত্তি পরীক্ষার কারণে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হচ্ছে, তবে দুপুরের পর লোডশেডিং দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ