রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় দুটি চোরাই মোটরসাইকেলসহ এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম রোহান ইসলাম (২৩)। তিনি চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের বাসিন্দা এবং চারঘাট আলহাজ এম.এ. হাদী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত ৩ অক্টোবর রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহীর টি-বাঁধ এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং এ ঘটনায় রোহান ইসলামকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে রোহান আরও একটি মোটরসাইকেল চুরির ঘটনা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চারঘাট উপজেলার বাবুপাড়া এলাকা থেকে দ্বিতীয় মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রোহানের সহযোগী সোহাগ আলীকেও আটক করা হয়েছে।
দুজনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার (৫ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
ওসি নাজমুল হক বলেন, “উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো মালিকদের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।”
