খাগড়াছড়ির সদর উপজেলায় গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত খীসা)–এর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষ সংগঠনকে দায়ী করে অভিযোগ উঠলেও তা অস্বীকার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি ইউনিয়নের আকবাড়ি এলাকায় একটি দোকানের পাশ্ববর্তী স্থানে এ হামলার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭)। তিনি রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে। পরিবারসহ তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় বসবাস করতেন।
ইউপিডিএফ (প্রসীত খীসা)–এর মুখপাত্র অংগ্য মারমা জানান, সকালে নিউটন চাকমাসহ দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মোটরসাইকেলে আসা একটি সশস্ত্র দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় একজন পালিয়ে বাঁচলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক ইউপিডিএফের নেতা অজিত চাকমার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, ইউপিডিএফ (গণতান্ত্রিক)–এর কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এটি অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
ন্যাশনিক্স/এএএইচপি
