লক্ষ্মীপুরে ১৪৪ ধারা অমান্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাইফুল ইসলাম মুরাদ রয়েছেন।
জানা গেছে, আগের দিন রাতে শহরের হাসপাতাল রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা তৈরি হয়। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কর্মসূচি ঘোষণা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন বিকেল সাড়ে ৪টা থেকে পৌর শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। তবে তা উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। একই সময় ‘জুলাই ফাইটার্স’ ব্যানারে ছাত্রদল নেতাকর্মীরাও মিছিল করে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
ন্যাশনিক্স/এলকে
