ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটির দাবি, ঈদের আগে ও পরে গত ১০ দিনে সারা দেশে ৩৪২টি সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন।
তাদের তথ্য অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ভোর পর্যন্ত এই দুর্ঘটনাগুলো ঘটে। গত বছরের ঈদুল ফিতরের সময় ১১ দিনে ২৪৯ জন নিহত হলেও এবার সেই সংখ্যা আরও বেড়েছে।
এ সময় কয়েকটি বড় দুর্ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ২১ মার্চ কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। এছাড়া ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে বহু প্রাণহানির ঘটনা ঘটে।
অন্যদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর তথ্যে বলা হয়েছে, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিনে ৯২টি দুর্ঘটনায় ১০০ জন নিহত এবং ২১৭ জন আহত হয়েছেন।
পুলিশ সদর দপ্তরের এক গবেষণায় দেখা গেছে, প্রায় ৪২ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী চালকদের বেপরোয়া গতি। এছাড়া ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের উপস্থিতিও দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, এসব পরিসংখ্যান দেশের সড়ক ব্যবস্থাপনার দুর্বলতাকে স্পষ্টভাবে তুলে ধরে। বিশেষজ্ঞরা মনে করছেন, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, চালকদের প্রশিক্ষণ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করলেই দুর্ঘটনা কমানো সম্ভব।
ন্যাশনিক্স/এলকে
