বাংলাদেশি ইসলামী ব্যক্তিত্ব আহমাদুল্লাহ-এর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।
এর আগে একই ধরনের পরিস্থিতির মুখে পড়েন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। তার ক্ষেত্রেও অভিযোগের ভিত্তিতে অস্ট্রেলিয়া ছাড়তে হয়।
প্রতিবেদন অনুযায়ী, শায়খ আহমাদুল্লাহ সিডনিতে একটি নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও তার আগেই অস্ট্রেলিয়া ত্যাগ করেন। পরবর্তীতে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ তার ভিসা বাতিল করে। ফলে তিনি আপাতত অস্ট্রেলিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।
অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু বক্তব্য ও ভিডিও ক্লিপ নিয়ে অভিযোগ ওঠার পর বিষয়টি পর্যালোচনা করা হয়। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে দেশটি কঠোর অবস্থান অনুসরণ করে থাকে।
দেশটির সহকারী অভিবাসন মন্ত্রী ম্যাট থিসলথওয়েট বলেন, ঘৃণাত্মক বা বিভাজনমূলক বক্তব্যের বিষয়ে অস্ট্রেলিয়ার ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে এবং আইনের আওতায় ভিসা বাতিলের ক্ষমতা সরকারের আছে।
উল্লেখ্য, একটি ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নিতে সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে যান শায়খ আহমাদুল্লাহ। সফরের অংশ হিসেবে মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, অ্যাডিলেড ও পার্থে তার একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।
ন্যাশনিক্স/এলকে
