জামায়াত এমপি উপস্থিত থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কট মুক্তিযোদ্ধাদের

অবশ্যই পরুন

নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুম মোস্তফার উপস্থিতিকে কেন্দ্র করে পূর্বধলা উপজেলায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান বর্জন করেছেন বীর মুক্তিযোদ্ধাদের একাংশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগত মনি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত কুচকাওয়াজে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে এমপি মাসুম মোস্তফার উপস্থিতির খবর পেয়ে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের একাংশ এতে অংশ নেননি। পূর্বধলা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজাম উদ্দিন বলেন, নির্দেশনা অনুযায়ী তারা অনুষ্ঠান বর্জন করেন।

বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান জানান, বিষয়টি প্রশাসনকে আগে থেকেই জানানো হয়েছিল। এমপির উপস্থিতির কারণে তারা অনুষ্ঠানে যাননি। পরে তিনি চলে গেলে প্রশাসনের অনুরোধে তারা পরবর্তী আয়োজনে অংশ নেন এবং সম্মাননা গ্রহণ করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান বলেন, সব মুক্তিযোদ্ধা অনুপস্থিত ছিলেন না। কয়েকজন শুরুতে অংশ নেননি, তবে পরে তারা অনুষ্ঠানে যোগ দেন। মূল অনুষ্ঠানে এমপি উপস্থিত ছিলেন না বলেও জানান তিনি।

অন্যদিকে, এমপি মাসুম মোস্তফা বলেন, স্থানীয় একটি অংশ তার অংশগ্রহণে আপত্তি জানিয়েছিল। পরিস্থিতি বিবেচনায় তিনি সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত থাকেননি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ