একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চালানো গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে ভারত। শুক্রবার এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান।
তিনি বলেন, ১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’-এর সময় পাকিস্তান ভয়াবহ নৃশংসতা চালায়, যেখানে লাখ লাখ নিরপরাধ মানুষ নিহত হন এবং অসংখ্য নারী যৌন সহিংসতার শিকার হন। ওই পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। এই ঘটনাগুলো বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
রণধীর জয়সোয়াল বলেন, পাকিস্তান এখনো সেই অপরাধ অস্বীকার করে যাচ্ছে, তবে ন্যায়বিচারের প্রশ্নে ভারত বাংলাদেশের পাশে রয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভার স্পিকারের মাধ্যমে অভিনন্দনপত্র পাঠিয়েছেন, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হয়েছে।
ভারত-বাংলাদেশের মধ্যে চলমান আলোচনা অব্যাহত রয়েছে এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত।
ন্যাশনিক্স/এলকে
