বরগুনা শহরে দেড় বছর পর প্রকাশ্যে মিছিল করেছে ছাত্রলীগ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি রাসেল স্কয়ার এলাকায় গিয়ে শেষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় ১৯ মাসে বরগুনা শহরে এ ধরনের প্রকাশ্য মিছিল দেখা যায়নি। মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফাহাদ হাসান তানিম এবং বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফাহাদকে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের আরও কয়েকজন নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে দেওয়া এক ভিডিও বার্তায় ফাহাদ হাসান তানিম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার বিকল্প নেই এবং তাকে আবার নেতৃত্বে দেখতে চায় ছাত্রলীগ।
এদিকে, শহরে এ মিছিল ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, কয়েক দিন আগে শহরের ফার্মেসি পট্টি এলাকায় একটি ঝটিকা মিছিল হয়েছিল, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ন্যাশনিক্স/এলকে
