মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে একটি ফিলিং স্টেশনে আব্দুল ওহাব বুলবুল নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে রুপক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মোটরসাইকেলে জ্বালানি নিতে গেলে ফিলিং স্টেশনের কর্মচারী ও কয়েকজন যুবকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা তাকে মারধর করে।
ভুক্তভোগীর অভিযোগ, লাইনে থাকা মোটরসাইকেল এড়িয়ে কন্টেইনারে পেট্রল বিক্রি করা হচ্ছিল। তিনি এ বিষয়ে প্রতিবাদ করলে ফিলিং স্টেশনের কর্মচারী ও তাদের সঙ্গে থাকা কয়েকজন তাকে মারধর করে।
ঘটনার পর আহত অবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনিক্স/এলকে
