রাজধানীর শাহজাদপুরে পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে ছাদ থেকে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের বাসিন্দা। তিনি স্বামী শোভন পালের সঙ্গে শাহজাদপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।
পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বন্যা তার পোষা বিড়ালকে ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে ছাদে যান। সেখানে তিনি বিড়ালটিকে তিনতলা ভবনের কার্নিশে দেখতে পান। ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, বন্যার কোনো সন্তান ছিল না এবং তিনি তার পোষা বিড়ালটিকে সন্তানের মতো স্নেহ করতেন। প্রিয় প্রাণীটিকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালাম জানান, বিষয়টি জানা গেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।
ন্যাশনিক্স/এলকে
