বরগুনার বেতাগী উপজেলায় ছাত্রলীগের আয়োজনে প্যান্ডেল সাজিয়ে ঈদ পুনর্মিলনী হয়েছে।
ঈদের দ্বিতীয় দিন রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়।
রোববার রাত ১০টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা তার ফেইসবুকে ওই অনুষ্ঠানের ৪ মিনিটের একটি ভিডিও আপলোড করেন। ক্যাপশনে তিনি লেখেন, “দীর্ঘদিন পরে আজ নিজ জেলায়। আজ ঈদের দ্বিতীয় দিন বরগুনা জেলার বেতাগী উপজেলা ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে… ধন্যবাদ তোমাদের সবাইকে।”
ওই ভিডিওতে দেখা যায়, প্যান্ডেল করে চেয়ার-টেবিল সাজিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজাউল কবির রেজা।
এ ছাড়া অনুষ্ঠানে মোবাইল ফোনের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবির, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান। তারা সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অনুষ্ঠানটির আয়োজক ছিলেন বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন ও সাধারণ সম্পাদক সিফাত শিকদার। অনুষ্ঠানে বেতাগী পৌর ছাত্রলীগসহ উপজেলার সাতটি ইউনিয়নের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
ওই দিন দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠানটি চলে। এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
ছাত্রলীগের এমন কর্মকাণ্ডকে প্রশাসনের ব্যর্থতা বলে ক্ষোভ প্রকাশ করেন বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন। তিনি বলেন, “এই অনুষ্ঠানের পেছনে প্রশাসনের কারসাজি আছে, অথবা তাদের গোপন সহযোগিতা রয়েছে। না হলে একটি নিষিদ্ধ সংগঠন দীর্ঘ সময় ধরে এমন অনুষ্ঠান কীভাবে করে। এই বিষয়টি গুরুত্ব সহকারে আমরা দলীয়ভাবে খতিয়ে দেখব।”
বেতাগী থানার ওসি মো. হারুন-অর-রশিদ হাওলাদার অনুষ্ঠানের বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, “এটি একটি পুরোনো ভিডিও, যা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।”
ন্যাশনিক্স/এলকে
