আসন্ন গ্রীষ্ম মৌসুমে জ্বালানি আমদানির ব্যয় মেটাতে প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার ঋণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত এই ঋণের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রায় ১৩০ কোটি (১.৩ বিলিয়ন) ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে প্রায় ৭০ কোটি ডলার পাওয়ার আশা করছে সরকার। জুনের মধ্যে বহুপক্ষীয় ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে এই অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দাতা সংস্থাগুলোর সঙ্গে তুলনামূলক কম সুদের হার নিয়ে আলোচনা চলছে। তিনি জানান, এডিবির সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আইএমএফ থেকেও ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, বহুপক্ষীয় সংস্থাগুলোর কাছ থেকে এই ঋণ পাওয়া গেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করবে এবং জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটার ঝুঁকি কমাবে।
ন্যাশনিক্স/এলকে
