আজকে রবীন্দ্র সরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ

অবশ্যই পরুন

ঢাকার নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি পুনরুজ্জীবনের লক্ষ্যে তিন দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করা হয়েছে। নাগরিক উদ্যোগে আয়োজিত এ উৎসবের প্রথম দিন শুক্রবার (২০ মার্চ) রাজধানীর রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে শুরু হবে। দিনব্যাপী মেহেদী উৎসবের পর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত পরিবেশন করবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার পুরনো উৎসবমুখর পরিবেশ ও নাগরিক অংশগ্রহণের ঐতিহ্য ফিরিয়ে আনতেই এ আয়োজন করা হয়েছে। প্রথম দিনের অনুষ্ঠান মেহেদী উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শুরু হবে।

ঈদের দিন আয়োজন করা হবে বর্ণাঢ্য ঈদ মিছিল, যা হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। আয়োজকদের মতে, এই মিছিল ঢাকার ঐতিহ্যবাহী ঈদ উদযাপনের ধারা স্মরণ করিয়ে দেবে।

উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে। এতে সব বয়সী মানুষ অংশ নিয়ে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

আয়োজকদের মতে, একসময় ঢাকায় ঈদ ছিল সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক বিনিময় ও সম্মিলিত আনন্দের বড় উপলক্ষ। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ নাগরিক উদ্যোগ নেওয়া হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ