বিশ্বব্যাপী জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’-এর পরিচালক সুতোমু শিবায়ামা আর নেই। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। বুধবার (১৮ মার্চ) তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও ‘এশিয়া দো’ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায়। তার মৃত্যুতে অ্যানিমেশন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন এই বরেণ্য নির্মাতা। জাপানের অ্যানিমেশন শিল্পে তাকে অন্যতম পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। ‘ডোরেমন’-এর পাশাপাশি তিনি বহু জনপ্রিয় সিরিজ ও চলচ্চিত্র পরিচালনা করেছেন।
সুতোমু শিবায়ামা ১৯৮৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত দীর্ঘ সময় ‘ডোরেমন’ টিভি সিরিজের প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার পরিচালনায় নির্মিত হয়েছে ডোরেমনের ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নোবিতা, শিজুকা ও ডোরেমন চরিত্রগুলোকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলার পেছনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
১৯৬৩ সালে একটি অ্যানিমেশন প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি নিজেই অ্যানিমেশন স্টুডিও গড়ে তোলেন। অ্যানিমেশন শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে আজীবন সম্মাননা প্রদান করে।
তার মৃত্যুতে দেশ-বিদেশে ভক্ত ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শৈশবের প্রিয় এই নির্মাতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। অনেকের মতে, তার মৃত্যু জাপানি অ্যানিমেশন জগতে এক যুগের অবসান।
ন্যাশনিক্স/এলকে
