উত্তরায় চলন্ত গাড়ি থেকে ছিনতাই, রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

অবশ্যই পরুন

রাজধানীর উত্তরায় চলন্ত প্রাইভেট কার থেকে ছিনতাইকারীর টানে রিকশা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা আক্তার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) হয়ে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী লিমন হোসেন জানান, সকালে তার স্ত্রী ঈদের কেনাকাটার জন্য ব্যাটারিচালিত রিকশায় করে মিরপুরের পল্লবীর দিকে যাচ্ছিলেন। উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে পাশ দিয়ে যাওয়া একটি প্রাইভেট কার থেকে কেউ হাত বাড়িয়ে তার স্ত্রীর ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে স্বামী লিমন সেখানে পৌঁছে স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান এবং দ্রুত বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালে আনার সময় তার মাথা ও কপালে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় তুরাগ থানা-পুলিশ তদন্ত শুরু করেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ