চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে বিনা অনুমতিতে বড় আকারের অন্তত ৮টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত সোমবার ও মঙ্গলবার এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল মনছুর ৫ থেকে ৬ জন কর্মী নিয়ে গাছগুলো কেটে বিক্রি করেছেন।
খবর পেয়ে বুধবার সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম ঘটনাস্থলে গাছ কাটা বন্ধ করার নির্দেশ দেন। তিনি জানান, সরকারি গাছ কাটতে হলে যথাযথ অনুমতি প্রয়োজন এবং অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ।
অভিযুক্ত আবুল মনছুর দাবি করেন, ২০০১ সালে বিএনপি সরকারের সময় গ্রাম সরকার কমিটির উদ্যোগে সরকারি অর্থায়নে এসব গাছ রোপণ করা হয়েছিল। তিনি নিজেকে ওই গাছের দাবিদার উল্লেখ করে বলেন, উপজেলা প্রশাসন ও বন কর্মকর্তাদের অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে।
তবে স্থানীয় সূত্র বলছে, গাছ কাটার কোনো বৈধ অনুমতি নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, ঈদ উপলক্ষে দলের নেতাকর্মীদের উপহার দেওয়ার উদ্দেশ্যে এসব গাছ কেটে বিক্রি করা হচ্ছে। ইতোমধ্যে ছয়টি গাছ প্রায় অর্ধ লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন বলেন, আবুল মনছুর আগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন, তবে বর্তমানে ওই কমিটি নেই।
ইউএনও ফখরুল ইসলাম বলেন, বিনা অনুমতিতে সরকারি গাছ কাটার কোনো সুযোগ নেই। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনিক্স/এলকে
