জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, সংসদে বর্তমানে যে হেডফোন ব্যবহার করা হচ্ছে, সেটি বেশ ভারি এবং দীর্ঘ সময় ব্যবহার করা সদস্যদের জন্য অস্বস্তিকর।
রোববার (১৫ মার্চ) সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, এত বড় হেডফোন মাথায় নিয়ে এক থেকে দুই ঘণ্টা বসে থাকা কষ্টকর হয়ে দাঁড়ায়। এর পরিবর্তে সহজ ও ব্যবহারবান্ধব কোনো ব্যবস্থা চালু করার আহ্বান জানান তিনি।
শাহজাহান চৌধুরী আরও বলেন, ১৯৯১ সালেও এমন ভারি হেডফোন ছাড়াই সংসদের কার্যক্রম পরিচালিত হয়েছে। একইভাবে ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময়ও সংসদ চলেছে। তার মতে, বর্তমান ব্যবস্থাটি অপ্রয়োজনীয়ভাবে জটিল করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সম্ভবত বাজেট ব্যয়ের সুযোগ তৈরি করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।
তিনি সংসদের সাউন্ড সিস্টেম সহজ করার পাশাপাশি সামগ্রিক ব্যবস্থাপনা আধুনিকায়নেরও আহ্বান জানান। জবাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই হেডফোন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় সংসদ সদস্য মির আহমেদ বিন কাশেম। তিনি অভিযোগ করেন, নিম্নমানের হেডফোন ব্যবহারের কারণে তার কান ও মাথায় ব্যথা অনুভূত হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
সংসদে ব্যবহৃত হেডফোনটি ‘Shure’ ব্র্যান্ডের ‘SRH240A’ মডেলের। যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানি অডিও সরঞ্জাম তৈরির জন্য পরিচিত। কোম্পানির তথ্য অনুযায়ী, এই মডেলের হেডফোনের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৬৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে আট হাজার টাকার কাছাকাছি।
ন্যাশনিক্স/এলকে
