সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে সরকারের অধিবেশনই শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ। শনিবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে ১১ দলীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে। তিনি জানান, আগামী ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদ আংশিক নয়, সম্পূর্ণ বাস্তবায়ন চায় ১১ দলীয় ঐক্য। তার দাবি, ইতিহাসের সেরা নির্বাচন হলেও জনআকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি। নির্বাচনের পর সরকারের উপদেষ্টারাই বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
সংসদে ওয়াকআউটের প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, বিরোধী জোট রাষ্ট্রপতিকে অবমাননা করেনি। বরং বিএনপি স্বৈরাচারের দোসরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদের পরিবেশ কলুষিত করেছে।
এ সময় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগও তোলেন তিনি। তার দাবি, বিএনপি মেধাহীন লোকদের দিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।
ন্যাশনিক্স/এলকে
