সম্প্রতি বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। প্রীতিভোজের দিন তাঁর স্বামী বিজয় দেবেরাকোন্ডা জানান, কয়েক দিনের জন্য তাঁরা জনসম্মুখ থেকে দূরে থেকে ব্যক্তিগত সময় কাটাতে চান। তবে সেই পরিকল্পনা বেশিদিন স্থায়ী হলো না। বিয়ের কয়েক দিনের মধ্যেই অভিনেত্রীর অতীত সম্পর্ক নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি পুরনো কথোপকথনের রেকর্ড ছড়িয়ে পড়ে। সেটি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন রাশমিকা। তাঁর দাবি, ছড়িয়ে পড়া অডিওটি বিকৃত করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে প্রচার করা হচ্ছে।
২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন রাশমিকা। ছবিটির প্রযোজক ছিলেন রক্ষিত শেঠি। ওই সিনেমায় কাজ করার সময়ই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০১৭ সালে দুজন বাগদানও করেন। তবে সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি; ২০১৮ সালেই তাঁদের বিচ্ছেদ ঘটে।
সম্প্রতি ছড়িয়ে পড়া কথোপকথনের রেকর্ডকে কেন্দ্র করেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে রাশমিকা বলেন, গত ২৪ ঘণ্টায় যে অডিওটি ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ বিকৃত। বিষয়টি পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন অভিনেত্রী।
রাশমিকা আরও বলেন, এত বছর তিনি এ বিষয়ে নীরব ছিলেন এবং নিজের কাজ নিয়েই ব্যস্ত থেকেছেন। সব সময় ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তাঁকে আক্রমণ করে যাচ্ছে। তাই এবার আর চুপ করে থাকবেন না বলেও জানান তিনি।
এদিকে সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে অভিনেত্রীকে। সেখানে মুখ আড়াল করেই দ্রুত বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে।
ন্যাশনিক্স/এপি
