২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে করা মামলার আবেদন গ্রহণ করেননি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
জালাল হোসেন নামে এক ব্যক্তি গত রোববার (৮ মার্চ) ঢাকার সিএমএম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। মামলায় জুলাই গণঅভ্যুত্থানের সময় দায়িত্ব পালন করা সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের বেশ কয়েকজনকে আসামি করার আবেদন করা হয়। তবে অভিযোগ পর্যালোচনা করে আদালত তা আমলে নেননি। বিষয়টি বৃহস্পতিবার (১২ মার্চ) জানাজানি হয়।
মামলার বাদী জালাল হোসেন মৌলভীবাজার জেলার জুড়ী থানার জাংগিরাই গ্রামের আব্দুল খালেকের ছেলে বলে জানা গেছে। অভিযোগে আসামি করার চেষ্টা করা অন্যদের মধ্যে রয়েছেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান মাসউদ, উমামা ফাতেমা, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, নুসরাত তাবাসসুম এবং তাহমিদ আল মুদাসসির চৌধুরী প্রমুখ।
এদিকে বিষয়টি প্রকাশ্যে এলে সাবেক সমন্বয়ক আব্দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, পুলিশ হত্যা মামলার আবেদনে তাকে ২ নম্বর আসামি করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ও তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছিল এবং এর একটি মামলায় তিনি কারাভোগ করেছিলেন। এবারের পরিস্থিতি কী হয়, তা সময়ই বলে দেবে বলেও উল্লেখ করেন তিনি।
ন্যাশনিক্স/এলকে
