রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চাইল বাংলাদেশ

অবশ্যই পরুন

রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় (ওয়েভার) চেয়েছে বাংলাদেশ। ভারতের মতো একই ধরনের সুবিধা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১১ মার্চ) রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রাশিয়ার তেল কেনার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারতকে একটি অস্থায়ী ওয়েভার দিয়েছে। বাংলাদেশও একই ধরনের সুযোগ পাওয়ার আশা করছে।

তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে ভারতের মতো বাংলাদেশকেও যদি এমন ছাড় দেওয়া হয়, তাহলে তা দেশের অর্থনীতির জন্য বড় সহায়তা হবে। এ বিষয়ে তারা বিষয়টি ওয়াশিংটনে পাঠাবে বলে জানিয়েছে।

বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। আমীর খসরু বলেন, বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো বা ক্যাপাসিটি বিল্ডিং নিয়েও কথা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো বাণিজ্য চুক্তি নিয়ে এই বৈঠকে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বাংলাদেশের স্বার্থে বিষয়টি কীভাবে সর্বোচ্চভাবে কাজে লাগানো যায়, সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বর্তমান আন্তর্জাতিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে সরকারের করণীয় সম্পর্কে তিনি বলেন, সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখে সরকার প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি বা দীর্ঘমেয়াদি যে পরিস্থিতিই তৈরি হোক না কেন, সে অনুযায়ী পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ