রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমান দামের সঙ্গে ৪১০ টাকা বাড়িয়ে নতুন মূল্য ১২৩৫ টাকা নির্ধারণের আবেদন করেছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া। তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার ভিত্তিতেই এই আবেদন করা হয়েছে।
কোম্পানির আবেদনে বলা হয়েছে, বেসরকারি এলপিজির তুলনায় রাষ্ট্রীয় কোম্পানির গ্যাসের দাম কম হওয়ায় ক্রসফিলিংয়ের ঘটনা ঘটছে। এ কারণে বাজারে ভারসাম্য রাখতে এবং অপব্যবহার ঠেকাতে দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
এর আগে বিপিসির মালিকানাধীন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ১২ দশমিক ৫ কেজি এলপি গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দেয়। সে সময় ক্রসফিলিং বন্ধ করা, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন ব্যয়, অপারেশন খরচ ও অন্যান্য চার্জ বৃদ্ধির কারণ দেখানো হয়েছিল।
তবে ওই প্রস্তাবটি অনুমোদন দেয়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশন তা নাকচ করে দেয়।
বর্তমানে নতুন করে দেওয়া মূল্যবৃদ্ধির এই প্রস্তাব অনুমোদন পেলে রাষ্ট্রীয় কোম্পানির সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বাড়বে। এখন দেখার বিষয়, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী নেয় বিইআরসি।
ন্যাশনিক্স/এএএইচপি
