এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে তলব

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মহানগর হাকিম মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাস উদ্দিন আহমেদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচন চলাকালীন সময় থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সময়ে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, নির্বাচনে পরাজয়ের পর নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন গণমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, গত ৫ মার্চ বাদী ফেসবুকে দেখতে পান যে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্য কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে মির্জা আব্বাসকে নিয়ে ‘বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ বলে মন্তব্য করা হয়েছে, যা তার সম্মান ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছে বলে দাবি করা হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, এ ধরনের বক্তব্য ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে মির্জা আব্বাস উদ্দিন আহমেদের সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ