কুমিল্লা নগরীতে মন্দিরে বোমা হামলা, পুরোহিতসহ আহত ৩

অবশ্যই পরুন

কুমিল্লা নগরীর একটি মন্দিরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় পাশের একটি মসজিদের সামনেও দুটি হাতবোমা নিক্ষেপ করে। এতে মন্দিরের পুরোহিতসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় নগরের ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা র‍্যাবের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আহতরা হলেন কালীগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী এবং বাগানবাড়ি মসজিদে নামাজ পড়তে যাওয়া আবদুল বারেক। অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মন্দিরে শনি পূজা চলাকালে তিনজন ব্যক্তি মণ্ডপে হাতবোমা নিক্ষেপ করেন। এ সময় পুরোহিত লাঠি দিয়ে হাতবোমাটি সরাতে গেলে সেটি বিস্ফোরিত হয় এবং তিনি আহত হন।

তিনি আরও জানান, হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় মন্দিরের সামনে একটি ব্যাগ রেখে যায়। পাশাপাশি পাশের একটি মসজিদের সামনে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে দুইজন মুসল্লিও আহত হন।

ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। তার মতে, নির্বাচন পরবর্তী সময়ে কুমিল্লার পরিস্থিতি অশান্ত করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্তের জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসবে।

মন্দিরের সামনে রেখে যাওয়া সাদা ব্যাগটি পুলিশ হেফাজতে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ব্যাগটি খোলা হবে এবং এতে কী রয়েছে তা পরে জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিসুজ্জামান।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ