চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা মো. রমিজ।
এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার রাতে শিশুটির মা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, শিশুটির বাড়ি কুমিরা ইউনিয়নের মছজিদদা (মাস্টারপাড়া) এলাকায়। তার বাসা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এত কম বয়সী একটি শিশু কীভাবে ইকোপার্কের ভেতরে পৌঁছাল, তাকে কেউ অপহরণ করে নিয়ে গেছে কি না কিংবা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে কি না এসব বিষয় গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
ন্যাশনিক্স/এলকে
