‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’ মন্তব্য ঘিরে রাকসু জিএস–ছাত্র অধিকার পরিষদ নেতার বাকবিতণ্ডা

অবশ্যই পরুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ ফেসবুকের একটি মন্তব্যকে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার এবং রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

সোমবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাকসু ভবনে সাধারণ সম্পাদকের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সূত্র জানায়, ওইদিন দুপুরে মেহেদী মারুফ কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জিএসের কার্যালয়ে যান। সেখানে ফেসবুকে করা একটি মন্তব্য ‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতাকর্মীও উত্তেজিত হয়ে পড়েন।

কার্যালয় থেকে বের হয়ে মেহেদী মারুফ বলেন, তিনি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে রাকসুর কার্যক্রম সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। তার দাবি, ওই পোস্টের মন্তব্যে জিএস সালাহউদ্দিন আম্মার প্রতিমন্ত্রী নুরুল হক নুর-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং পরবর্তীতে কিছু কমেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়। একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। বিষয়টি নিয়ে রাকসুর সভাপতি ড. সালেহ হাসান নকিবের কাছে অভিযোগ জানাতে যাবেন বলে জানান তিনি।

অন্যদিকে সালাহউদ্দিন আম্মার বলেন, একটি মন্তব্যকে অযথা বড় করে দেখানো হচ্ছে। তার ভাষ্য, বিষয়টি রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং মিডিয়ার দৃষ্টি আকর্ষণ ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মেহেদী মারুফ সামাজিক যোগাযোগমাধ্যমে রাকসুর কার্যক্রম সমালোচনা করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, রাকসু ‘ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজে বেশি মনোযোগী’। ওই পোস্টের মন্তব্য ঘিরেই পরবর্তীতে বিরোধের সূত্রপাত হয়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ