ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ তারেক (৪৮)। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। তিনি একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিরত অবস্থায় হামলার শিকার হন। আহত দুই বাংলাদেশির চিকিৎসা চলছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতেও বিমান হামলার ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ নিহত হয়েছেন। সংশ্লিষ্ট দূতাবাস মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
কুয়েতে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন। তারা বিভিন্ন জেলার বাসিন্দা। চিকিৎসা নেওয়ার পর তারা বর্তমানে স্থিতিশীল আছেন। সেখানে বাংলাদেশ দূতাবাস আহতদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ওই অঞ্চলে অবস্থানরত প্রায় ৬০ লাখ প্রবাসী বাংলাদেশির নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে সতর্কতা জারি ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
