রাজধানীর ভাটারা থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত পৃথক তিনটি হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সব আসামির অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ। অভিযোগের সত্যতা না পাওয়ায় ‘তথ্যগত ভুল’ উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। সোমবার এ বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।
ট্রাকচালক জাহাঙ্গীর হত্যা মামলায় ৮৪ জন, জাকির হোসেন হত্যা মামলায় ১৬৫ জন এবং ছাত্রদল কর্মী রমজান মিয়া হত্যা মামলায় ২৪৬ জনকে আসামি করা হয়েছিল। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময়কার বিশৃঙ্খলায় কার নির্দেশে বা কার আঘাতে মৃত্যু হয়েছে তার কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। সাক্ষীরাও এজাহারভুক্ত আসামিদের শনাক্ত করতে পারেননি। ডিজিটাল ফুটেজ বিশ্লেষণেও আসামিদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি।
তদন্ত কর্মকর্তারা আরও জানিয়েছেন, কিছু ক্ষেত্রে ঘটনাস্থল ও মৃত্যুর স্থান নিয়ে অসংগতি পাওয়া গেছে। এসব বিবেচনায় তিনটি মামলাকেই ‘তথ্যগত ভুল’ হিসেবে উল্লেখ করে অব্যাহতির আবেদন করা হয়েছে। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।
ন্যাশনিক্স/এলকে
