জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু হাসপাতালে ভর্তি রয়েছেন। তার জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
শনিবার তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে স্বামী জানান, গত ২৩ তারিখ হঠাৎ গাইনোকোলজিকাল জরুরি জটিলতা দেখা দিলে দ্রুত অস্ত্রোপচার করা হয়। অপারেশনের আগে তিনি প্রায় শক অবস্থায় ছিলেন এবং পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণজনিত সমস্যা তৈরি হয়েছিল। স্বজন ও শুভানুধ্যায়ীরা রক্ত দিয়ে সহায়তা করেছেন বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অস্ত্রোপচারের পর কিছু জটিলতা দেখা দেয়। বর্তমানে অপারেশনজনিত সমস্যা না থাকলেও পোস্ট-অপারেটিভ ফুসফুসের সংক্রমণসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তিনি হাসপাতালে আছেন। বিভিন্ন মেডিকেল প্যারামিটার বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকরা সতর্ক পর্যবেক্ষণে রেখেছেন। অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে এবং আপাতত কোনো দর্শনার্থীকে অনুমতি দেওয়া হচ্ছে না।
দুই দিন আগে তাকে আইসিইউতে স্থানান্তরের প্রস্তুতিও নেওয়া হয়েছিল বলে জানানো হয়। তবে চিকিৎসকদের প্রচেষ্টায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। চিকিৎসকদের ধারণা, পুরোপুরি সুস্থ হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
তার স্বামী দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, পরিবার বর্তমানে কঠিন সময় পার করছে। তিনি সবার কাছে সহানুভূতি ও সমর্থন কামনা করেছেন এবং দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করতে অনুরোধ জানিয়েছেন।
ন্যাশনিক্স/এলকে
