সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নে চুরি হওয়া একটি গরু জবাই করে ইফতার আয়োজনের অভিযোগ উঠেছে যুক্তরাজ্যপ্রবাসী এক বিএনপি নেতার বাড়িতে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ রমজান বিকেলে গলমুকাপন গ্রামের একটি মাঠ থেকে নাজমুল ইসলামের একটি ষাঁড় গরু নিখোঁজ হয়। অভিযোগ রয়েছে, পাশের বাড়ির কেয়ারটেকার নাজমুলকে বিভিন্ন স্থানে গরুর খোঁজ করতে পাঠান। ওই রাতেই অভিযুক্ত বাড়িতে গরু জবাই করে ইফতারের প্রস্তুতি নেওয়া হয় এবং পরদিন ৬ রমজান বিকেলে এলাকার বহু মানুষকে নিয়ে ইফতার আয়োজন করা হয়।
গরুর মালিক নাজমুল ইসলাম দাবি করেন, ইফতার অনুষ্ঠানে গিয়ে তিনি একটি দড়ি দেখে সন্দেহ করেন এবং পরে সিসিটিভি ফুটেজ যাচাই করে স্থানীয়দের সামনে বিষয়টি স্পষ্ট হয়। এরপর গ্রাম্য সালিশে তার কাছে ৭০ হাজার টাকা প্রদান করে বিষয়টি মীমাংসা করা হয়।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রবাসী নেতার পরিবারের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন নেতা জানান, বিষয়টি গ্রাম্যভাবে নিষ্পত্তি হয়েছে।
এদিকে এলাকাবাসীর দাবি, গ্রামে গরু চুরির ঘটনা নতুন নয়। ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
ন্যাশনিক্স/এলকে
