পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাম ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা শিগগিরই চালু হতে পারে। এ বিষয়ে ইতোমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানান তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খায়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, যাতে বাংলাদেশের নাগরিকরা সহজে ভারতে যেতে পারেন।
অনুদান বিতরণ কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা ও দিল্লির সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। সে সময় বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোর সেবা সীমিত করা হয়েছিল। তবে সাম্প্রতিক আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ন্যাশনিক্স/এলকে
