ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

অবশ্যই পরুন

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা মোড় এলাকায় দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের উদ্যোগে মহারাজপুর ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে একটি বৈঠক চলছিল। বৈঠকের এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে তা দ্রুত হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এক পক্ষের ধাওয়া খেয়ে অপর পক্ষ থানার ভেতরে আশ্রয় নেয়। সেখানে গিয়েও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ থামাতে গেলে দুই পুলিশ কনস্টেবলসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেলাল হোসেন জানান, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত। থানা চত্বরে অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশের চেষ্টা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ