নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে এক প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে রডসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী বাছেদ মিয়া দীর্ঘদিন সৌদি আরবে অবস্থান করছেন। সম্প্রতি নিজ এলাকায় স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে জমি কিনে ভবন নির্মাণ শুরু করেন। তার পরিবারের সদস্যরা নির্মাণকাজ তদারকি করছিলেন। অভিযোগ অনুযায়ী, স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত মাসুদুর রহমান মাসুদ ও তার সহযোগীরা দুই লাখ টাকা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণসামগ্রী অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয়।
বাছেদ মিয়ার স্ত্রী সাদিয়া আফরিন অভিযোগ করেন, টাকা না দেওয়ায় তাদের ভয়ভীতি দেখানো হয় এবং বাধা দিলে হুমকি দেওয়া হয়। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।
অভিযুক্ত মাসুদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তার দাবি, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন এবং সুষ্ঠু তদন্তে সত্য প্রকাশ পাবে। তার দুই ভাইও অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় জমি ও নির্মাণকাজ ঘিরে চাঁদা দাবির অভিযোগ নতুন নয়। তবে তারা প্রকাশ্যে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, বিষয়টি মৌখিকভাবে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযুক্তের বিরুদ্ধে অতীতে বিভিন্ন ঘটনায় মামলা হওয়ার তথ্যও রয়েছে বলে জানা গেছে। সেসব মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
ন্যাশনিক্স/এলকে
