সরকারি কোনো নির্দেশনা বা চিঠি ছাড়াই ‘ফ্যামিলি কার্ড’ আবেদনের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার অন্তর্গত ১২নং আছিম পাটুলি ইউনিয়ন পরিষদে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিষদ প্রাঙ্গণে গিয়ে এমন চিত্র দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ডের আবেদন শুরু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে ইউনিয়ন পরিষদে ভিড় করেন অসংখ্য নারী। কারও হাতে পাসপোর্ট সাইজের ছবি, কারও হাতে নগদ টাকা। উদ্যোক্তার কক্ষের সামনে হুড়োহুড়ি করে আবেদন জমা দিতে দেখা যায় তাদের। অভিযোগ রয়েছে, কোনো ধরনের রসিদ বা নির্ধারিত ফরম ছাড়াই আবেদনপ্রতি ১০০ টাকা করে নেওয়া হচ্ছে।
আবেদন করতে আসা বাশদী গ্রামের বাসিন্দা রুবি আকতার বলেন, সকালে জানানো হয় ফ্যামিলি কার্ডের আবেদন নেওয়া হচ্ছে। তাই ১০০ টাকা সঙ্গে নিয়ে তিনি আবেদন করতে আসেন। তার দাবি, চেয়ারম্যানের এক আত্মীয় টাকা নিয়েছেন, কিন্তু কোনো ফরম বা রসিদ দেননি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস বলেন, ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি কোনো সরকারি চিঠি পাননি এবং কাউকে আবেদন নেওয়ার নির্দেশও দেননি। তবে কম্পিউটারে আবেদন করা হলে কেউ চাইলে আবেদন নিতে পারে এবং সেক্ষেত্রে ১০০ টাকা নেওয়া হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ফ্যামিলি কার্ড সংক্রান্ত কোনো নির্দেশনা বা চিঠি তাদের কাছে পৌঁছায়নি। সরকারি অনুমোদন ছাড়া আগাম আবেদন নেওয়া উচিত নয় বলে তিনি মত দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বিষয়টি তার নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনিক্স/এএএইচপি
