বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫–এ কবিতা বিভাগে মনোনীত হয়েও পুরস্কার পাননি কবি মোহন রায়হান। বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
এর আগে সোমবার বাংলা একাডেমি থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কবিতায় মোহন রায়হান পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তবে চূড়ান্ত অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়নি।
এ বিষয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, কবির বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। বিষয়গুলো যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগের প্রকৃতি সম্পর্কে তিনি বিস্তারিত বলতে চাননি।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, অভিযোগগুলো যাচাই করা হচ্ছে। যাচাই শেষে সিদ্ধান্ত জানানো হবে। তিনি এটিকে সাময়িক বিষয় বলে উল্লেখ করেন।
নিজের পোস্টে মোহন রায়হান দাবি করেন, তিনি পুরস্কারের জন্য কোনো তদবির করেননি এবং মনোনয়ন কমিটি স্বতঃস্ফূর্তভাবে তাকে নির্বাচন করেছিল। তিনি আরও বলেন, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা তার একটি কবিতা নিয়ে আপত্তির কারণে পুরস্কার স্থগিত করা হয়েছে বলে তাকে জানানো হয়েছে।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, অভিযোগ ওঠায় কর্তৃপক্ষ সাময়িকভাবে পুরস্কার স্থগিত করেছে। বিষয়টি পর্যালোচনা শেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মোহন রায়হানের বিষয়টি নিয়ে সাহিত্য অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
