নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যা

অবশ্যই পরুন

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার দাবি করা এক কিশোরীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে মাধবদীর কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোরীর বাবা বরিশালের বাসিন্দা। কাজের সূত্রে তিনি পরিবারসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে বাড়ি ফেরার পথে স্থানীয় নূরার নেতৃত্বে ৫ থেকে ৬ জনের একটি দল ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি নিয়ে মহিষাশুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আহমদের নেতৃত্বে মীমাংসার চেষ্টা হয়। তবে পরিবারটি বিচার পায়নি বলে দাবি করা হয়েছে। বরং তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকেলে কর্মস্থল থেকে ফিরে বাবা মেয়েকে খালার বাড়িতে রেখে আসার উদ্দেশ্যে রওনা হন। পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে কয়েকজন তাদের পথরোধ করে এবং বাবার কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর সারারাত খোঁজাখুঁজি করেও মেয়েটির সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীর পরিচয় শনাক্ত করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ ছাড়াও সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ