কুষ্টিয়ায় নিজের প্রভাব ও কর্তৃত্ব নিয়ে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কুষ্টিয়ায় তার অনুমতি ছাড়া কেউ প্রভাব খাটাতে পারবে না। তিনি দাবি করেন, “কুষ্টিয়ায় উপরওয়ালা বলে এখন কেউ নেই, উপরওয়ালা আমি। তাই কেউ দুই নম্বরি করতে চাইলে আমার কথা বলবেন। বলবেন মাওলানা সাহেবের কাছে টাকা দেওয়া আছে, তার সঙ্গে যোগাযোগ করেন।” তার এ বক্তব্যকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা,সমালোচনা শুরু হয়েছে।
সংসদ সদস্য আরও বলেন, জেলায় প্রভাব বিস্তার বা ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে তা তিনি দেখবেন। তার ভাষায়, “এত ক্ষমতা নিয়ে কুষ্টিয়ায় কে চলে, আমি দেখব বিষয়টা।” তিনি ইঙ্গিত দেন, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে তিনি কঠোর অবস্থানে থাকবেন।
এদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং জনভোগান্তি কমানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নবনির্বাচিত সংসদ সদস্যের এমন মন্তব্য স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে তার বক্তব্যের প্রেক্ষিতে ভিন্নমতও দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
ন্যাশনিক্স/ টিএইচ
