বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। পরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পালনরত আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বাগেরহাট জেলার বাসিন্দা আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে বি.কম (অনার্স), এম.কম ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিআইজি, এসপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া উপ-পুলিশ কমিশনার (ডিএমপি), পুলিশ সুপার হিসেবে নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলায় দায়িত্বে ছিলেন। কমান্ড্যান্ট হিসেবে আরআরএফ, সিলেট এবং অধিনায়ক হিসেবে ৩ এপিবিএন (খুলনা), ৫ এপিবিএন (ঢাকা) ও ৭ এপিবিএন (সিলেট)-এ কাজ করেছেন।
তিনি বাংলাদেশ পুলিশের প্রতিনিধি হিসেবে কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। প্রশিক্ষণ ও সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক ও ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি খুলনা ক্লাব ও ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য, এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার সভাপতি এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতির দায়িত্বেও রয়েছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত আছেন।
ন্যাশনিক্স/এপি
